জাতীয়

জুলাই হত্যা মামলায় আসামি হচ্ছেন একাত্তর টেলিভিশনের সাংবাদিকসহ ৩ জন 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৬:২৪ পিএম

জুলাই হত্যা মামলায় আসামি হচ্ছেন একাত্তর টেলিভিশনের সাংবাদিকসহ ৩ জন 
ছবিঃ সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে আন্দোলনবিরোধী বক্তব্য ও উসকানি দেওয়ার অভিযোগে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু হয়েছে।
 
আজ সোমবার (১৭ আগস্ট) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৪ আগস্ট তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। ওই দিন কারাগারে থাকা এই তিন সাংবাদিককে ট্রাইব্যুনালে হাজির করা হলে মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হবে।
 
প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালকে জানানো হয়, ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তিন সাংবাদিক মামলায় বর্ণিত অপরাধে প্ররোচনা দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা কোটা আন্দোলন প্রসঙ্গে ‘রাজাকার’ শব্দটি ব্যবহার করেন। শিক্ষার্থীরা ওই বক্তব্যকে অবমাননাকর হিসেবে বর্ণনা করেন। এর পর ওই রাতেই আন্দোলন শুরু হয়।
 
প্রসিকিউশনের অভিযোগ, ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা ছাত্র আন্দোলনের বিরুদ্ধে একটি ‘কাউন্টার-ন্যারেটিভ’ তৈরিতে ভূমিকা রেখেছিলেন।
 
তৎকালীন সময়ে মোজাম্মেল হক বাবু একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং ফারজানা রুপা একই প্রতিষ্ঠানের প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। শ্যামল দত্ত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।