জাতীয়
উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি
সরকারের ২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
আজ সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রথম প্রজ্ঞাপনে ২৬২ জন কর্মকর্তাকে পদোন্নতির পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লেখ করা কর্মস্থল পরিবর্তন হয়ে থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বর্তমানে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে। পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নতর তথ্য পাওয়া গেলে পদোন্নতির আদেশ প্রয়োজন অনুযায়ী সংশোধন বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাঁদের যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে সরাসরি অথবা অনলাইনে ই-মেইলের মাধ্যমে জমা দিতে পারবেন।
অন্যদিকে, দ্বিতীয় প্রজ্ঞাপনে বিদেশে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে কর্মরত ১৫ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় কর্মকর্তার প্রেষণ পদের বেতন স্কেল উন্নীত করে প্রয়োজনীয় আদেশ জারি করবে। এরপর পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা উন্নীত পদে যোগদান করে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানপত্র পাঠাবেন।
উন্নীত পদে যোগদানের তারিখ থেকেই কর্মকর্তারা ওই পদের বেতন-ভাতা পাওয়ার অধিকারী হবেন। তবে বৈদেশিক ভাতা ও এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস বা মিশনের মূল পদের নির্ধারিত হার প্রযোজ্য হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তা বদলি হওয়া বা অন্য কোনো কারণে পদটি শূন্য হওয়ার আগ পর্যন্ত উন্নীত বেতন স্কেল বহাল থাকবে।