জাতীয়
নারীদের জন্য চালু ‘পিংক বাস’, ঢাকায় চলবে ৯ রুটে
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে চালু হয়েছে বিশেষ ‘পিংক বাস সার্ভিস’। প্রাথমিকভাবে ঢাকার ৯টি রুটে ১০টি বাস চলাচল করবে। এসব বাসের চালক ও কন্ডাক্টরের দায়িত্বে থাকবেন নারীরাই।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁও বিআরটিসি ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
গণপরিবহনে নারীদের গাদাগাদি, ঠেলাঠেলি, নিরাপত্তাহীনতা ও হয়রানির মতো ভোগান্তি কমাতেই বিশেষ এই বাস সার্ভিস চালু করা হয়েছে। বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিআরটিসি এই সেবা চালু করেছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
গোলাপি রঙের দোতলা বাসগুলোতে ই-টিকেটিং সুবিধার পাশাপাশি উচ্চগতির ইন্টারনেট ও যাত্রীদের নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা রয়েছে। বাসগুলোর চালক ও কন্ডাক্টর হিসেবেও দায়িত্ব পালন করবেন নারীরা।
প্রাথমিক পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় মোট ১৪টি বাস দিয়ে এই সেবা শুরু হয়েছে। এর মধ্যে ঢাকায় চলবে ১০টি বাস। রাজধানীর ৯টি রুটে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বাসগুলো চলাচল করবে এবং মোট ১১৪টি স্টপেজে থামবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, পিংক বাস সার্ভিস চালুর মধ্য দিয়ে নির্বাচনী ইশতেহারের আরও একটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে সরকার।
তিনি জানান, আগামী ছয় মাসের মধ্যে নারীদের জন্য আরও ১০০টি বৈদ্যুতিক বাস যুক্ত করা হবে। পর্যায়ক্রমে পিংক বাসের সংখ্যা ও রুট বাড়ানোর পাশাপাশি সারাদেশে এই সেবা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।