জাতীয়
সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ডাক পাননি গাজী নজরুল ইসলাম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আমন্ত্রণ পাননি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম। ১০ সদস্যের এই কমিটিতে সদস্য হিসেবে তার নাম থাকলেও বৈঠকে তাকে ডাকা হয়নি।
মঙ্গলবার (১৮ আগস্ট) কমিটির সভাপতি মো. মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও সদস্যদের পরিচিতি পর্ব হয়। পরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরেন।
সংসদীয় কমিটির সূত্র জানিয়েছে, গাজী নজরুল ইসলামকে বৈঠকে আমন্ত্রণই জানানো হয়নি। তবে জাতীয় সংসদের ওয়েবসাইটে প্রকাশিত কমিটির সদস্য তালিকায় এখনো তার নাম রয়েছে। অর্থাৎ তাকে আনুষ্ঠানিকভাবে কমিটি থেকে বাদ দেওয়া হয়নি।
কমিটির সভাপতি ও বিএনপির সংসদ সদস্য মনিরুল ইসলাম চৌধুরী বলেন, জামায়াতে ইসলামী জানিয়েছে গাজী নজরুল ইসলাম আর দলটির সদস্য নন। দলের পক্ষ থেকে তাকে বৈঠকে না রাখার বিষয়ে অনুরোধ থাকায় স্পিকারের অনুমতি নিয়ে তাকে আমন্ত্রণ জানানো হয়নি।
বৈঠকে কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সংসদ সদস্য মো. ফজলুর রহমান, মো. আবদুল হান্নান, আমীর এজাজ খান ও রোকেয়া বেগম উপস্থিত ছিলেন।
এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও সংস্থার প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এতে অংশ নেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর গত ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। পরদিন দলটির পক্ষ থেকে চিঠি দিয়ে বিষয়টি জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হয়। একই সঙ্গে গাজী নজরুল ইসলামের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় দলটি।