জাতীয়
বঙ্গভবনে আজ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রীয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বঙ্গভবনের দরবার হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন।
তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
ভোট গণনা শেষে প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে বিজয়ী ঘোষণা করেন।
পরে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে গেজেট প্রকাশ করা হয়।