জাতীয়
সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (২৬ আগস্ট) রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং সংসদ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন নির্বিঘ্ন রাখতে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার আওতাধীন এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভও করা যাবে না।
নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকার মধ্যে রয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকা। এছাড়া বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এবং পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এলাকাও এর আওতায় থাকবে।
এ ছাড়া মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি ১৬ নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত এলাকা নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভেনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং নির্ধারিত সীমানার ভেতরে থাকা সব রাস্তা ও গলিপথেও এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।