জাতীয়
দুদকের অভিযোগের প্রমাণ প্রকাশের দাবি আসিফ মাহমুদের
নিজের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ওঠানো অভিযোগের প্রমাণ জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে এ বিষয়ে রাতে বিস্তারিত বক্তব্য দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ দাবি জানান আসিফ মাহমুদ।
এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে যুব উন্নয়ন অধিদপ্তরের ১৮৮ কর্মকর্তার বদলি ও পদায়নে অর্থ লেনদেনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানায় দুদক। এ ঘটনায় চার সদস্যের একটি অনুসন্ধান দলও গঠন করা হয়েছে।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ দাবি করেন, ১৮৮ জন উপজেলা পর্যায়ের কর্মকর্তার কাছ থেকে জনপ্রতি ১ লাখ ৪৬ হাজার টাকা করে মোট ২ কোটি ৭৬ লাখ টাকার দুর্নীতি হয়েছে। এ ঘটনায় একজন উপদেষ্টা, একজন সচিব, একজন যুগ্ম সচিব ও একজন উপসচিবসহ আরও অনেকে জড়িত বলে তিনি উল্লেখ করেন।
দুদক যেহেতু অভিযোগের প্রমাণ পাওয়ার কথা বলেছে, তাই সেই প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করার আহ্বান জানান আসিফ মাহমুদ। একই সঙ্গে রাতে এ বিষয়ে বিস্তারিত কথা বলবেন বলেও জানান তিনি।
তবে রাতে তিনি গণমাধ্যমের সামনে বক্তব্য দেবেন, নাকি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরবেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি।