জাতীয়

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ইতালিতে বাঁধনের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম

ইতালিতে বাঁধনের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু
ছবি: সংগৃহীত

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, অভিনেত্রী বাঁধনের ওপর হামলার মধ্য দিয়ে আওয়ামী লীগ নিজেদের চরিত্র প্রকাশ করেছে। ইতালিতে ঘটে যাওয়া এ ঘটনায় দেশটির আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকার প্রক্রিয়া শুরু করেছে। বিষয়টি কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না বলেও জানান তিনি।

আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করেন না মন্তব্য করে তথ্য উপদেষ্টা বলেন, ‘ইটস এ মাফিয়া গ্যাং।’ আজমেরী হক বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাও বিষয়টি আবারও প্রমাণ করেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে কোনোভাবেই রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত নয়। তাদের রাজনীতিতে ফিরে আসার সত্যিকারের উদ্দেশ্য থাকলে এ ধরনের সহিংস ঘটনা ঘটত না বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি একটি চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পরিবারের সদস্যদের নিয়ে ইতালি যান অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেখানে একটি পার্কে ঘোরার সময় তার ওপর শারীরিক হামলা করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ সময় তার শরীরে ডিম, পানি ও কোমল পানীয় ছুড়ে মারা হয়।

একপর্যায়ে তাকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করা হয় বলেও জানান বাঁধন। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে হামলা ও হেনস্তার বিষয়টি তুলে ধরেন তিনি।