জাতীয়
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনার পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী শহীদ সেনাসদস্যদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন। তিনি তাঁদের আশ্বস্ত করে বলেন, দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ দেওয়া এসব সেনাসদস্যের পরিবারের পাশে সরকার ও সেনাবাহিনী সব সময় থাকবে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সাক্ষাতের বিষয়টি গণমাধ্যমকে জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সেনাসদস্যরা প্রাণ দিয়েছেন। তাঁরা দেশের জন্য শহীদ হয়েছেন। তাঁদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’
শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘এই শোকের সময়ে আমরা আপনাদের পাশে আছি এবং পাশে থাকব। সরকার ও সেনাবাহিনী সব সময় আপনাদের পরিবারের পাশে থাকবে। প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পাশাপাশি শহীদ সেনাসদস্যদের পরিবারের দেখভালেও সরকার তার দায়িত্ব পালন করবে।’
সাক্ষাতের সময় শহীদ দুই সেনাসদস্যের পরিবারের জন্য আরও বেশ কিছু সহায়তার উদ্যোগের কথা জানানো হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁদের স্থায়ী ঠিকানায় পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শহীদ সেনাসদস্যদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং তাঁদের সন্তানদের জন্য মাসিক ভাতা দেওয়ার কথাও জানানো হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য শহীদ হন। তাঁরা হলেন সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক এবং সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আবু বকর সিদ্দিকের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, শিশু কন্যা ফাতেমা সিদ্দিকা, বাবা আব্দুল ওহাব এবং মা পারভীন আক্তার।
অন্যদিকে, শহীদ মো. তাসনিম রিফায়াতের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী মোসা. ফাহমিদা আফরিন, শিশু কন্যা রাফসা তাসনিম ইফরা এবং বাবা মো. আসাদুল হক।
শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সাক্ষাতে তাঁদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব ও সহমর্মিতার বিষয়টি আবারও উঠে এসেছে। দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো দুই সেনাসদস্যের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের পরিবারের ভবিষ্যৎ দেখভালে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাসও দেওয়া হয়েছে।