জাতীয়
নেপালে বন্যা সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন বালেন্দ্র শাহ
নেপালের উত্তরাঞ্চলে আকস্মিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ সরকারের ১০ লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।
গত ১০ সেপ্টেম্বর পাঠানো এক কূটনৈতিক চিঠিতে বালেন্দ্র শাহ গত ২৬ আগস্টের ভয়াবহ বন্যায় প্রাণহানি এবং ঘরবাড়ি, অবকাঠামো ও মানুষের জীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেন।
চিঠিতে তিনি বলেন, বাংলাদেশের দেওয়া এই আর্থিক সহায়তা নেপালের চলমান মানবিক সহায়তা কার্যক্রম এবং দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ ছাড়া গত ২৭ আগস্ট বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের বন্যায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণের বিষয়টিও চিঠিতে উল্লেখ করেন নেপালের প্রধানমন্ত্রী।
বালেন্দ্র শাহ বলেন, বাংলাদেশের এই উদ্যোগ নেপালের জনগণের প্রতি বাংলাদেশের গভীর সহমর্মিতা ও সংহতির আবেগঘন প্রকাশ।
দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র।
নেপালের প্রধানমন্ত্রী আরও বলেন, দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দুর্যোগ মোকাবিলা ও মানবিক সহায়তার এই উদ্যোগকে বাংলাদেশ ও নেপালের পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক সংহতির একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।