জাতীয়

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে ড. ইউনূসের যে চুক্তি, যত ভালো সরকারই আসুক দেশ চালানো কঠিন’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে ড. ইউনূসের যে চুক্তি, যত ভালো সরকারই আসুক দেশ চালানো কঠিন’
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের করা চুক্তির কারণে পরবর্তী যেকোনো সরকারের জন্য দেশ পরিচালনা কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব।

বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইজারা প্রক্রিয়া, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি, জাতীয় স্বার্থে মতবিনিময় সভা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। স্টুডেন্টস ফর সভরেন্টি এ সভার আয়োজন করে।

হাবিবুর রহমান হাবিব বলেন, নির্বাচনের মাত্র তিন দিন আগে ৯ ফেব্রুয়ারি ড. ইউনূস যে চুক্তি করে গেছেন, তার পরিপ্রেক্ষিতে যত ভালো সরকারই আসুক না কেন, সেই সরকারের পক্ষে দেশকে সামনে এগিয়ে নেওয়া কঠিন হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বার্থের সঙ্গে কোনো ধরনের আপস করেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচিত সরকার ভারতের কাছে মাথা নত করবে না, বিষয়টি পরিষ্কার।

সভায় স্টুডেন্টস ফর সভরেন্টির পক্ষ থেকে বলা হয়, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়া হলে বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি ও সার্বভৌমত্বের ঝুঁকি তৈরি হতে পারে। একই সঙ্গে দেশের বন্দর পরিচালনা শিল্পও ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করে সংগঠনটি।

সংগঠনটির দাবি, ডিপি ওয়ার্ল্ডের কার্যক্রমের সঙ্গে ভারত ও ইসরায়েলের সংশ্লিষ্টতা রয়েছে। এ কারণে টার্মিনালটি ইজারা দেওয়ার ক্ষেত্রে সার্বভৌমত্বের ঝুঁকি তৈরি হতে পারে বলেও তারা উল্লেখ করে।

এ ছাড়া নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইজারা দেওয়া হলে বাংলাদেশকে বছরে প্রায় ৯ কোটি ডলার আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে বলে দাবি করেছে স্টুডেন্টস ফর সভরেন্টি।

সংগঠনটি আরও বলেছে, দেশের বন্দর ও টার্মিনাল পরিচালনা শিল্প বিদেশিদের হাতে তুলে না দিয়ে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করা হলে এ খাত থেকে দেশের বৈদেশিক মুদ্রার মজুত আরও শক্তিশালী করা সম্ভব হতো।