জাতীয়

শেখ হাসিনাকে ফেরাতে সরকারের উদ্যোগের প্রতিবেদন চাইল সংসদীয় কমিটি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম

শেখ হাসিনাকে ফেরাতে সরকারের উদ্যোগের প্রতিবেদন চাইল সংসদীয় কমিটি
ছবি: সংগৃহীত

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক ও আইনগত উদ্যোগের বিষয়ে জানতে চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, পররাষ্ট্রনীতি, অবৈধ অভিবাসন, মানব পাচার এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের নেওয়া কূটনৈতিক ও আইনগত পদক্ষেপের বিস্তারিত প্রতিবেদন কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ছাড়া বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারত্ব বজায় রাখার পাশাপাশি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির কথাও বৈঠকে উল্লেখ করা হয়।

অবৈধ অভিবাসন ও মানব পাচার নিয়ন্ত্রণ নিয়েও বৈঠকে প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় অতীতে থাকা বিভিন্ন পদ্ধতিগত দুর্বলতার কথা তুলে ধরা হয়। প্রবাসী কর্মীদের তথ্য ও নথিপত্র যথাযথভাবে যাচাই ও সত্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় যাচাই করা নিয়োগকারী প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মীদের বিদেশে পাঠানোর ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করা হয়েছে।

নিরাপদ অভিবাসন ও প্রবাসী কর্মীদের স্বার্থ সুরক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো অভিবাসন শাখা চালু করা হয়েছে। দালাল ও অননুমোদিত মধ্যস্বত্বভোগীদের প্রতারণা থেকে সম্ভাব্য অভিবাসীদের সুরক্ষায় তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়।

বৈঠকে রোহিঙ্গা সংকটের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। আগামী অক্টোবর মাসে রোহিঙ্গা শিবির পরিদর্শনের আশা প্রকাশ করেছে সংসদীয় কমিটি।

বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, মো. আমানউল্লাহ আমান, এস কে আজিজুল বারী, এবিএম মোশাররফ হোসেন ও সানজিদা ইসলাম অংশ নেন। বিশেষ আমন্ত্রণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও বৈঠকে উপস্থিত ছিলেন।