জাতীয়
তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নতুন এই কূপ থেকে প্রতিদিন সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
শনিবার, ১৯ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে কূপটির উদ্বোধন করেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় জ্বালানি সচিব খাইরুজ্জামান মজুমদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, গত বছরের ১৫ ডিসেম্বর তিতাসের ২৮ নম্বর কূপের খননকাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান সানকুইন ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড কূপটির খননকাজ সম্পন্ন করে।
এর আগে গত বছরের ১০ এপ্রিল সম্পাদিত চুক্তির আওতায় কূপটির প্রয়োজনীয় ভিত্তি নির্মাণ, খননযন্ত্র ও অন্যান্য সরঞ্জাম আনার কাজ সম্পন্ন করা হয়।
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে তিতাসসহ বিভিন্ন গ্যাসক্ষেত্রে একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড।
এসব প্রকল্পের আওতায় চারটি কূপে গ্যাসের মজুত যাচাই ও উৎপাদনের কাজ চলছে। পাশাপাশি দুটি গভীর অনুসন্ধান কূপ খননের পরিকল্পনাও রয়েছে। এ ছাড়া সাতটি কূপের সংস্কারকাজ এবং তিতাস গ্যাসক্ষেত্রের দুটি এলাকায় ছয়টি কূপমুখ সংকোচক স্থাপনের কাজ চলমান রয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, তিতাসের নতুন এই কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস যুক্ত হলে দেশের জ্বালানি সরবরাহে বাড়তি গ্যাসের জোগান নিশ্চিত হবে। এর ফলে ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে কিছুটা সহায়তা পাওয়া যাবে।