জাতীয়
জুলাই সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই সনদ যেভাবে সই হয়েছে, ঠিক সেভাবেই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যত দ্রুত সম্ভব সংবিধান সংশোধনের বিল আনা হবে। সংবিধানের অষ্টাদশ সংশোধনীর মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।
রোববার সংসদ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের বাইরেও ইশতেহারে কিছু বিষয় ছিল। সেগুলোও বিবেচনায় নেওয়া হবে। একপাক্ষিকভাবে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই। এদিনের আলোচনায় ১৭টি রাজনৈতিক দল অংশ নিয়েছে।
বাজেট বরাদ্দের সময় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পগুলো ভালোভাবে বাস্তবায়নের জন্য আর্থিক বছরের সময় পরিবর্তনের প্রস্তাব দেওয়া হবে। ১ এপ্রিল থেকে ৩০ মার্চ পর্যন্ত আর্থিক বছর করার প্রস্তাব দেওয়া হবে।
তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল। সংবিধানে যেসব বিষয়ে সংশোধনের প্রয়োজন রয়েছে, সেগুলো সংশোধন করা হবে।
কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিএনপি সংখ্যাধিক্যের কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, এমন কথার কোনো ভিত্তি নেই।
যেসব রাজনৈতিক দল এখনো জুলাই সনদে স্বাক্ষর করেনি, তারাও আলোচনায় থাকতে চাইলে অংশ নিতে পারবে বলে জানান তিনি। ডিসেম্বরের মধ্যে আলোচনাগুলো শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপরই প্রতিবেদন তৈরি করা হবে।