জাতীয়
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। জাতিসংঘ কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সভাপতির কার্যালয়ে তিনি আইনি বিষয়সংক্রান্ত বিভিন্ন দায়িত্ব পালন করবেন।
খলিলুর রহমানের কার্যালয়ে বিভিন্ন দায়িত্বে মোট ৪০ জন কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। বাংলাদেশি কূটনীতিক আব্দুল আলিমকে কার্যালয়ের ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন। মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করবেন। জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলোর বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর সভাপতিত্বে চলতি অধিবেশনে জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া পরিচালিত হবে।
জাতিসংঘের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে জাইমা রহমান মূলত আইনি বিষয়গুলো দেখভাল করবেন। আন্তর্জাতিক সংস্থার একটি গুরুত্বপূর্ণ কার্যালয়ে এ ধরনের দায়িত্ব পাওয়ার মাধ্যমে তাঁর আইন পেশার অভিজ্ঞতা আন্তর্জাতিক পর্যায়েও কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে।
জাইমা রহমান লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। পরবর্তীতে যুক্তরাজ্যে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষাতেও তিনি উত্তীর্ণ হন।
অন্যদিকে, খলিলুর রহমানের কার্যালয়ে ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ হিসেবে দায়িত্ব পাওয়া আব্দুল আলিম দীর্ঘদিন ধরে বাংলাদেশের কূটনৈতিক পেশায় যুক্ত। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে তাঁর এই দায়িত্বও বাংলাদেশের কূটনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে ছয় বাংলাদেশির দায়িত্ব পাওয়া নিয়ে এরই মধ্যে দেশের কূটনৈতিক ও আন্তর্জাতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে জাইমা রহমানের লিগ্যাল অফিসার হিসেবে নিয়োগ তাঁর আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক পরিসরে কাজের একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।