জাতীয়

নবীন আইনজীবীদের হাত ধরেই আইনের শাসন প্রতিষ্ঠা হবে: মীর হেলাল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম

নবীন আইনজীবীদের হাত ধরেই আইনের শাসন প্রতিষ্ঠা হবে: মীর হেলাল
ছবি: সংগৃহীত

আইন পেশাকে শুধু জীবিকা অর্জনের মাধ্যম হিসেবে না দেখে একটি মহৎ ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে গ্রহণ করে পেশাগত নীতি-নৈতিকতা বজায় রাখার জন্য নবীন আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সমাজের অসহায়, নিপীড়িত ও সাধারণ মানুষের আইনি অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে আইনজীবীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত সক্ষমতা বাড়িয়ে দেশের বিচারব্যবস্থার উন্নয়নে নবীন আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আইনজীবী অডিটোরিয়ামে আয়োজিত নবীন আইনজীবীদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

মীর হেলাল বলেন, ‘আইন পেশা কোনো সাধারণ জীবিকা নয়; এটি অত্যন্ত মহৎ ও মর্যাদাপূর্ণ একটি পেশা।’ তাই নবীন আইনজীবীদের এই পেশার উচ্চ মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে এবং সবসময় পেশাগত নীতি-নৈতিকতার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। একজন আইনজীবীর দক্ষতা ও সততার সঙ্গে মানুষের ন্যায়বিচার পাওয়ার বিষয়টি গভীরভাবে সম্পৃক্ত বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আইনজীবীদের জন্য সুন্দর, নিরাপদ ও সুশৃঙ্খল কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নবীন আইনজীবীদের চেম্বার সংকটের বিষয়টি অনুষ্ঠানে তুলে ধরেছেন। বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। নবীন আইনজীবীদের চেম্বার সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের আইনজীবীরা নিজেদের পেশাগত দক্ষতা ও জ্ঞানকে আরও সমৃদ্ধ করার মাধ্যমে বিচারব্যবস্থাকে এগিয়ে নিতে পারেন। আইনজীবীদের দায়িত্ব শুধু আদালতে মামলা পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সমাজে ন্যায়বিচার, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির সদস্য ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পাঠাগার সম্পাদক তৌহিদ হোছাইন সিকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন।

নবীন আইনজীবীদের সনদ বিতরণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে আইন পেশায় সদ্য প্রবেশ করা আইনজীবীদের পেশাগত দায়িত্ব, নীতি-নৈতিকতা এবং মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে তাদের ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরা হয়।