জাতীয়
চাঁদাবাজি নয়, জমি বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: পুলিশ
কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানিয়েছেন, সালমান মুক্তাদিরের স্টুডিওকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি। নিউ গিনি প্রপার্টিজের সঙ্গে পাশের জমির মালিকের বিরোধের জেরেই সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর সঙ্গে চাঁদাবাজির কোনো সম্পর্ক নেই।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, সালমান মুক্তাদিরের কাছে চাঁদা চাওয়ার সঙ্গে ঘটনার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক যোগসূত্রও নেই। পুরো বিষয়টি নিউ গিনি প্রপার্টিজের মালিক পক্ষের ব্যক্তিগত বিরোধ বলে প্রাথমিকভাবে জানা গেছে। সালমান মুক্তাদিরের স্টুডিও ওই সম্পত্তির মধ্যে থাকায় ভাঙচুরের সময় সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজে অবস্থিত সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় স্টুডিওর ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন তিনি।
ভিডিওতে স্টুডিওর চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়। স্টুডিওর কয়েকজন কর্মীকেও কান্নারত অবস্থায় দেখা যায়। ভিডিওতে সালমান মুক্তাদির জানান, হামলায় তার স্টুডিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে সালমান মুক্তাদির অভিযোগ করেছিলেন, চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে তার স্টুডিওতে হামলা চালানো হয়েছে। স্টুডিওর সিসি ক্যামেরা, বিভিন্ন যন্ত্রপাতি ও আসবাব ভাঙচুরের পাশাপাশি কিছু মালামাল লুটের অভিযোগও করেছিলেন তিনি।
তবে পুলিশের বক্তব্য অনুযায়ী, ঘটনার মূল কারণ সালমানের স্টুডিও নয়। নিউ গিনি প্রপার্টিজের সঙ্গে পাশের জমির মালিকের বিরোধের জেরেই হামলা ও ভাঙচুর হয়েছে। এ ঘটনায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং হামলার প্রকৃত কারণ কী, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।