জাতীয়
সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যকে ঢালাও অভিযোগ হিসেবে উল্লেখ করে তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সুনির্দিষ্টভাবে কোনো মামলা করা হলে অভিযোগ তদন্ত করে দেখা হবে।
রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমেদ বলেন, সালমান মুক্তাদির দাবি করেছেন, তার কাছে কেউ চাঁদা চায়নি, চাইলেও তিনি দিতেন। একই সঙ্গে বিএনপিকে চাঁদাবাজ দল বলেও মন্তব্য করেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, এ ধরনের ঢালাও অভিযোগের কোনো ভিত্তি নেই। তবে সুনির্দিষ্ট অভিযোগে মামলা করা হলে তা তদন্ত করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মানিকদী নামাপাড়া এলাকায় প্রায় ৩৫ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। এর এক পক্ষ একটি নির্মাণ প্রতিষ্ঠান এবং অন্য পক্ষ একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা।
প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে তিনি বলেন, অবসরপ্রাপ্ত ওই সামরিক কর্মকর্তার পক্ষের কয়েকজন ব্যক্তি রাতের অন্ধকারে জমিটি দখলের চেষ্টা করেন। সেখানে গিয়ে তারা ভাঙচুর চালান। ওই স্থাপনার মধ্যে সালমান মুক্তাদিরের একটি টিনশেড স্থাপনাও ছিল। সেখানে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরির কাজ করা হতো বলে জানা গেছে। ওই স্থাপনাতেও ভাঙচুর করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সালমান মুক্তাদিরের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। তবে তার ফেসবুক লাইভের বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সুনির্দিষ্টভাবে মামলা করা হলে বিষয়টি তদন্ত করা হবে।
তিনি জানান, জমি নিয়ে বিরোধ, সংঘর্ষ এবং দখল-বেদখলের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে। জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি বর্তমানে তদন্তাধীন। মামলা হলে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে পুরো ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।