জাতীয়

স্টুডিওতে হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন সালমান মুক্তাদির


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম

স্টুডিওতে হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন সালমান মুক্তাদির
ছবি: সংগৃহীত

নিজের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের জবাব দিয়েছেন কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদির।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সালমানের অভিযোগ ‘ঢালাও’ এবং হামলার ঘটনায় তিনি মামলা করেননি। এর জবাবে সালমান দাবি করেছেন, ঘটনার রাতেই তিনি থানায় গিয়ে মামলা করার চেষ্টা করেন। তবে দীর্ঘ সময় থানায় অবস্থান করলেও তার মামলা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

রোববার নিজের ফেসবুক পেজে দেওয়া ভিডিওবার্তায় সালমান বলেন, হামলার ঘটনার পর রাত চারটা পর্যন্ত তিনি ক্যান্টনমেন্ট থানায় অবস্থান করেন। পরে বাসায় ফিরে যান। তার দাবি, এরপরও পরদিন দুপুর পর্যন্ত মামলা নেওয়া হয়নি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আসার পর এ নিয়ে আলোচনা শুরু হয়।

সালমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি জানতে না পারেন যে মামলা করা হয়েছে, তাহলে সেটি তার মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা ব্যবস্থার সঙ্গে নাগরিকদের দূরত্বের বিষয়টি সামনে আনে। হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে সালমান বলেন, ঘটনাটি যখন বর্তমান সরকারের সময় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বাধীন এলাকায় ঘটেছে, তখন তিনি বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে চান না এবং ঘটনাটিকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করতেও চান না বলে জানান।

হামলার ঘটনায় কয়েকজনকে আটক এবং বিভিন্ন আলামত উদ্ধারের কথা উল্লেখ করে সালমান বলেন, হামলাকারীদের পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া উচিত। তার ভাষ্য, তিনি তদন্তের ফলাফলের অপেক্ষায় আছেন, তবে সরকারের কাছে মূল প্রত্যাশা হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ঘটনাটিকে সামান্য ভাঙচুর হিসেবে উপস্থাপন করা হয়েছে বলেও অভিযোগ করেন সালমান। তার দাবি, একটি কনটেন্ট নির্মাতার স্টুডিওতে হামলা, ভাঙচুর ও নিরাপত্তাহীনতার ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখা উচিত।

সরকারের কাছে কোনো আর্থিক সহায়তা চান না জানিয়ে সালমান বলেন, তার স্টুডিও পুনর্নির্মাণের জন্যও কারও সহায়তা প্রয়োজন নেই। তিনি চান, সরকার দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে দায়িত্ব পালন করুক।

এর আগে শনিবার রাতে মিরপুরের ইসিবি চত্বরে অবস্থিত সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ফেসবুক সরাসরি সম্প্রচারে স্টুডিওর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন তিনি। ঘটনায় কেউ আহত হননি বলে জানানো হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে।

ঘটনার পর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রাথমিকভাবে পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চাঁদাবাজির কারণে নয়, বরং জমি নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে।

সালমান মুক্তাদির অভিযোগ করলেও হামলার ঘটনায় তিনি মামলা করেছেন কি না, সে প্রশ্নও তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর পরই নিজের ভিডিওবার্তায় মামলা করতে থানায় যাওয়ার দাবি তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দেন সালমান।