জাতীয়

মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪০ এএম

মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
ছবি: সংগৃহীত

পবিত্র নগরী মদিনায় সৌদি আরবের তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে ঢাকা।

রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, মসজিদে নববীকে সেবা দেওয়া গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামের পবিত্রতম স্থানগুলোর মর্যাদা ক্ষুণ্ন করে এমন হামলাও মেনে নেওয়া যায় না।

বাংলাদেশ জানিয়েছে, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে। পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে এমন যেকোনো আগ্রাসী কর্মকাণ্ডের বিরোধিতা করেছে ঢাকা।

এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, মদিনার একটি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী সংগঠন হুথি। ওই কেন্দ্র থেকে ইসলামের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

জোটের ভাষ্য অনুযায়ী, হামলায় একটি বিদ্যুৎ রূপান্তরক ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হয়ে পড়েছে। তবে এতে সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের কোনো প্রভাব পড়েনি।

অন্যদিকে, হামলার দায় অস্বীকার করেছে হুথি। সংগঠনটির দাবি, তারা এ ধরনের কোনো হামলা চালায়নি।