জাতীয়
বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, রিমান্ডে কী জানালেন আখতারুজ্জামান?
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় ঘটনার সত্যতা স্বীকার করেছেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। মামলার তদন্ত কর্মকর্তা আদালতে দেওয়া আবেদনে এমন দাবি করেছেন।
রোববার (৪ অক্টোবর) এক দিনের রিমান্ড শেষে আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অন্যদিকে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন।
পুলিশের আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, এক দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় আখতারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মামলার তদন্ত ও বিভিন্ন তথ্য যাচাইবাছাই এখনো চলমান থাকায় তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।
পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে শনিবার (৩ অক্টোবর) বিমানবন্দর থানায় করা মামলায় আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশ তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়। এ ছাড়া দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগও রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম। মামলাটি আদালতে উপস্থাপনের পর বিচারক আগামী ১০ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এর আগে শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্টসংলগ্ন ধামালকোট এলাকার নিজ বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।