জাতীয়

দুর্গাপূজার ছুটি পুনর্নির্ধারণ করল মন্ত্রিসভা, কত দিন মিলছে?


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২২ পিএম

দুর্গাপূজার ছুটি পুনর্নির্ধারণ করল মন্ত্রিসভা, কত দিন মিলছে?
ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর ফলে পূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

সোমবার, ৫ অক্টোবর, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ২২ অক্টোবর বৃহস্পতিবার অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি রয়েছে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি। তবে ২২ অক্টোবর বৃহস্পতিবার সরকারি দপ্তর খোলা থাকার কথা ছিল।

মন্ত্রিসভার অনুমোদনের ফলে ২২ অক্টোবরও সরকারি ছুটি থাকছে। এর পরের দুই দিন, ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার, সাপ্তাহিক ছুটি। ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

অর্থাৎ দুর্গাপূজার দুই দিনের ছুটির সঙ্গে এক দিনের অতিরিক্ত সরকারি ছুটি এবং পরপর দুই দিনের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিনের ছুটি তৈরি হয়েছে।

মন্ত্রিসভার অনুমোদনের পর ২২ অক্টোবরের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।