জাতীয়

সব ইউএনও-উপজেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পিএম

সব ইউএনও-উপজেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা
ছবি: সংগৃহীত

দেশের সব উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী নির্ধারিত সময়ের মধ্যে সরকারের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সভা অনুষ্ঠিত হওয়ার ১৪ দিনের মধ্যে কার্যবিবরণী পাঠানোর পাশাপাশি এতে সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্প এবং উপজেলা পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতির তথ্য যুক্ত করতে বলা হয়েছে।

বুধবার স্থানীয় সরকার বিভাগের উপজেলা ২ শাখা থেকে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসকদের এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ২৭(৪) ধারা অনুযায়ী প্রতিটি সভার কার্যবিবরণীর একটি অনুলিপি সভা অনুষ্ঠানের ১৪ দিনের মধ্যে সরকার ও সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের কাছে পাঠানোর বিধান রয়েছে।

তবে নথি পর্যালোচনায় দেখা গেছে, অধিকাংশ উপজেলা পরিষদ নিয়মিতভাবে সভার কার্যবিবরণী সরকারের কাছে পাঠাচ্ছে না। ফলে সরকারের অগ্রাধিকারমূলক বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে ছাদভিত্তিক সৌর প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধ এবং সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় সমস্যা হচ্ছে।

এ অবস্থায় আইন অনুযায়ী নিয়মিতভাবে কার্যবিবরণী পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এতে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রমের পাশাপাশি উপজেলা পরিষদের ন্যস্ত বিভাগগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতির তথ্যও উল্লেখ করতে হবে।

অগ্রাধিকারমূলক কাজের ক্ষেত্রে সচিত্র প্রমাণক সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য রঙিন প্রিন্টে ছবি পাঠাতে হবে। কোনো কাজ বাস্তবায়নের আগে ও পরের পরিস্থিতির তুলনামূলক ছবি থাকলে সেগুলো পাশাপাশি সংযুক্ত করতে বলা হয়েছে।

এ ছাড়া উপজেলা পরিষদের কার্যবিবরণী স্থানীয় সরকার বিভাগের নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠানোর পাশাপাশি এর মুদ্রিত কপিও স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠাতে হবে।

আইন অনুযায়ী উপজেলা পরিষদের কার্যক্রমের অগ্রগতি নিয়মিতভাবে সরকারের নজরে আনতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।