জাতীয়

সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০২:২০ পিএম

সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ছবি: সংগৃহীত

সাবেক উপমন্ত্রী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাঁচবারের সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

বৃহস্পতিবার প্রকাশিত শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আব্দুল হাই ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। তিনি গণতন্ত্রের প্রতি অবিচল আস্থাশীল এবং জাতীয়তাবাদী আদর্শের একজন পরীক্ষিত সৈনিক ছিলেন। বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং জনগণের সঙ্গে দলের সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে আব্দুল হাইয়ের অবদান স্মরণীয় হয়ে থাকবে। দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়া এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিএনপির রাজনৈতিক আন্দোলনে আব্দুল হাইয়ের অবদানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, বিভিন্ন সময়ে স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে তিনি রাজপথের অন্যতম বিশ্বস্ত সৈনিক হিসেবে ভূমিকা পালন করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তার দৃঢ় অবস্থান ও রাজনৈতিক অবদান বিএনপির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

শোকবার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, আব্দুল হাইয়ের মৃত্যুতে বিএনপি একজন অভিজ্ঞ, ত্যাগী ও আদর্শনিষ্ঠ নেতাকে হারিয়েছে। তার প্রয়াণ দেশের জাতীয়তাবাদী রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তার রাজনৈতিক জীবন, সাংগঠনিক কর্মকাণ্ড এবং দলের প্রতি অবদান নেতাকর্মীদের স্মৃতিতে দীর্ঘদিন অম্লান থাকবে।

উল্লেখ্য, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল হাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তার মৃত্যুতে বিএনপির নেতাকর্মী ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।