জাতীয়

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়নের আহ্বান প্রতিমন্ত্রীর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৩ পিএম

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়নের আহ্বান প্রতিমন্ত্রীর
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর ঋণের বোঝা না চাপিয়ে অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সঙ্গে বৈশ্বিক কার্বন বাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানো, সবুজ বিনিয়োগ আকৃষ্ট করা এবং জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, কার্বন বাজারের সম্ভাবনা, পরিবেশবান্ধব বিনিয়োগ এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানগুলোর একটি ছিল ‘টেকিং দ্য ডেল্টা: ব্রিজিং দ্য ক্লাইমেট-অ্যাডভান্সিং বাংলাদেশ’স কার্বন ক্রেডিট মার্কেট: অপরচুনিটিজ, ইন্টেগ্রিটি অ্যান্ড ইনভেস্টমেন্ট’ শীর্ষক আয়োজন। এতে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক একটি বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় নতুন করে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া উচিত নয়। বরং এসব দেশের প্রয়োজন অনুদানভিত্তিক অর্থায়ন, যাতে ঋণের চাপ ছাড়াই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং মানুষ ও প্রকৃতিকে সুরক্ষার কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হয়।

ফরহাদ হোসেন আজাদ বলেন, বাংলাদেশ এখন কেবল জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও ক্ষয়ক্ষতির বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার মধ্যে সীমাবদ্ধ নেই। বরং সবুজ বিনিয়োগ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং উচ্চমানের কার্বন অর্থায়নকে কাজে লাগিয়ে একটি টেকসই ও ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে বৈশ্বিক কার্বন বাজারে বাংলাদেশের অংশগ্রহণের নতুন সুযোগ তৈরি করা হচ্ছে।

তিনি জানান, প্যারিস জলবায়ু চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদের আওতায় ‘বাংলাদেশ কার্বন মার্কেট ফ্রেমওয়ার্ক’ এবং ‘ন্যাশনাল কার্বন রেজিস্ট্রি’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কাঠামোর মাধ্যমে কার্বন ক্রেডিটের স্বচ্ছতা, জবাবদিহি ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে নিরাপদ কার্বন বাণিজ্যের জন্য বাংলাদেশকে প্রস্তুত করা হচ্ছে। এর ফলে দেশে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পানিসম্পদ ব্যবস্থাপনার সঙ্গে কার্বন বাজারের সম্ভাবনার সম্পর্ক তুলে ধরে প্রতিমন্ত্রী তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের কথা উল্লেখ করেন। প্রথমত, সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বনায়ন সম্প্রসারণ এবং ব-দ্বীপ সুরক্ষার মাধ্যমে ব্লু কার্বন সংরক্ষণ। এসব উদ্যোগ একদিকে যেমন কার্বন নিঃসরণ কমাতে সহায়তা করবে, অন্যদিকে উপকূলীয় পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দ্বিতীয়ত, কৃষি খাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। বিশেষ করে সৌরশক্তিচালিত সেচ পাম্প এবং অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং (এডব্লিউডি) পদ্ধতি ব্যবহারের মাধ্যমে কৃষি খাতে কার্বন নিঃসরণ কমানোর সুযোগ রয়েছে। এ ধরনের প্রযুক্তির সম্প্রসারণ কৃষির উৎপাদনশীলতা বজায় রাখার পাশাপাশি পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমাতে সহায়ক হবে।

তৃতীয়ত, বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০-এর আওতায় প্রকৃতিনির্ভর সমাধান বাস্তবায়নের মাধ্যমে বন্যা সহনশীলতা বৃদ্ধি এবং পানিসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর জোর দেন প্রতিমন্ত্রী। তাঁর মতে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রকৃতিনির্ভর উদ্যোগ, আধুনিক প্রযুক্তি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তব্যের শেষ পর্যায়ে বৈশ্বিক সবুজ অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা কামনা করেন ফরহাদ হোসেন আজাদ। তিনি দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী, বহুপক্ষীয় সংস্থা এবং বেসরকারি বিনিয়োগকারীদের বাংলাদেশের জলবায়ু সহনশীল উন্নয়ন, কার্বন বাজার সম্প্রসারণ ও সবুজ বিনিয়োগের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে একটি বিশ্বস্ত আন্তর্জাতিক অংশীদার হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।