রাজনীতি

রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১৮ মাস পর জাতীয় পতাকা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ পিএম

রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১৮ মাস পর জাতীয় পতাকা
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৮ মাস পর রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। একই সঙ্গে কার্যালয়ের উদ্বোধন সংক্রান্ত একটি ব্যানারও টাঙানো হয়।

মঙ্গলবার সকালে রাজবাড়ী শহরের রেলগেট শহীদ স্মৃতিচত্বর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা এক ভ্যানচালক জানান, সকাল সাড়ে ১০টার দিকে তিনি কার্যালয়ের সামনে একটি ট্রাক থেকে মালামাল নামাচ্ছিলেন। এ সময় আনুমানিক ১৭-১৮ বছর বয়সী দুই তরুণ এসে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং একটি ব্যানার টাঙিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

দুপুরে সরেজমিনে দেখা যায়, ব্যানারটি রাজবাড়ী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়ার নামে। এতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় নির্দেশনায় বিভিন্ন কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। তবে সন্ধ্যার দিকে কার্যালয়ে জাতীয় পতাকা দেখা গেলেও টাঙানো ব্যানারটি আর সেখানে ছিল না।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কার্যালয়টিতে প্রকাশ্যে কোনো সাংগঠনিক কার্যক্রম চোখে পড়েনি। দীর্ঘ বিরতির পর হঠাৎ পতাকা উত্তোলন ও ব্যানার টাঙানোর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল বলেন, সকালে বিষয়টি জানার পর জেলা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।