রাজনীতি
ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে
চরফ্যাশনে ইসলামী আন্দোলনের পৌর ৫নং ওয়ার্ড সভাপতি ও উপজেলা সহ-সভাপতি মাওলানা আজহারুল ইসলাম জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
মঙ্গলবার রাতে চরফ্যাশন পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন ভূইয়া এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, গত সোমবার মাওলানা আজহারুল ইসলাম জামায়াতে ইসলামীতে যোগদানের জন্য দলীয় ফরম পূরণ করেছেন।
সূত্র জানায়, মাওলানা আজহারুল ইসলাম দীর্ঘ সময় চরমোনাই পীরের ইসলামী আন্দোলনের রাজনীতিতে চরফ্যাশনে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তিনি জানিয়েছেন, জামায়াতের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ইসলামী আন্দোলন ছাড়ার পর জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
এ বিষয়ে ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণের সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন সাংবাদিকদের বলেন, “মাওলানা আজহারুল ইসলাম আমাদের আগের কমিটিতে ছিলেন, বর্তমান কমিটিতে তিনি নেই। এখন তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।”