রাজনীতি
কেউ কেউ বসন্তকালে আইসা কুহু কুহু ডাক শুরু করে: জামায়াতের আমির
১০ দলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আপনারা ১০ দলের জোটকে ভোট দিন, আমাদের পার্লামেন্টে পাঠান-যাতে সরকার গঠন করতে পারি। আমরা কথা দিচ্ছি, শুধু নদীর জীবনই নয়, মানুষের জীবনেও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে, ইনশাল্লাহ।”
শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
বাংলাদেশের নদ-নদীর অবস্থা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, “এই দেশের মূল চারটি নদীকে খুন করা হয়েছে। এসব নদীর কি কোনো মা–বাবা ছিল না? তাহলে আমাদের নদী মারা গেল কেন?” তিনি বলেন, “কিছু লোক আছে, যারা প্রতি পাঁচ বছরে একবার আসে। বাকি সাড়ে চার বছর তাদের হারিকেন জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না। আবার কেউ কেউ বসন্তের কোকিলের মতো-বসন্ত এলেই আইসা কুহু কুহু ডাক শুরু করে।”
উত্তরবঙ্গের উন্নয়ন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “মহান আল্লাহর ওপর ভরসা করে বলতে চাই, এই উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচটি বছরই যথেষ্ট। আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, তাহলে উত্তরবঙ্গের চেহারা বদলে যাবে, ইনশাল্লাহ।” তিনি আরও বলেন, “এই এলাকার মাটি উর্বর, এখানে পিছিয়ে থাকার কোনো কারণ নেই। ষড়যন্ত্র করে, বঞ্চিত করে এই অঞ্চলকে পেছনে রাখা হয়েছে।”
স্বাস্থ্য ও উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, শুধু পঞ্চগড় নয়—বাংলাদেশের ৬৪ জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, “যারা চুরি করে লক্ষ-কোটি টাকা বিদেশে নিয়ে গেছে, ওগুলো ওদের পেটের ভেতরে হাত ঢুকাইয়া বের করে আনব, ইনশাল্লাহ। আগামী দিনে কাউকে আর চুরি করতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “আজকের এই জনসভায় শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন, ২৪-এর জুলাই যোদ্ধারা রয়েছেন, ৭১-এর বীর মুক্তিযোদ্ধারাও রয়েছেন। আমরা আপনাদের কাছে ঋণী। দেশসেবার সুযোগ পেলে, সরকার গঠনের সুযোগ পেলে সর্বশক্তি দিয়ে আপনাদের সম্মান করবো এবং সেই ঋণ পরিশোধের চেষ্টা করব, ইনশাল্লাহ।”
জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, ১০ দলীয় জোটের পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম এবং পঞ্চগড়-২ আসনের প্রার্থী শফিউল আলমসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা।
বক্তব্যের শেষ পর্যায়ে ডা. শফিকুর রহমান পঞ্চগড়-১ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের হাতে ‘শাপলা কলি’ প্রতীক এবং পঞ্চগড়-২ আসনের প্রার্থী শফিউল আলমের হাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তুলে দেন। জনসভা শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।