রাজনীতি

বাংলাদেশ ব্যাংকের ঘটনায় মব-কালচারের অভিযোগ তুললেন শফিকুর রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৮ পিএম

বাংলাদেশ ব্যাংকের ঘটনায় মব-কালচারের অভিযোগ তুললেন শফিকুর রহমান
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বলেছেন, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক-এ যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা বর্তমান সরকার সমর্থিত মব-কালচারের আনুষ্ঠানিক সূচনা হিসেবে দেখা যাচ্ছে। তিনি এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন।

শফিকুর রহমান লিখেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও উপদেষ্টাদের সম্মানহানি করা কোনও ব্যক্তির অধিকার নেই। দেশের অর্থনীতিতে ইতিমধ্যেই দুর্নীতি, চাঁদাবাজি ও সিন্ডিকেটের মহামারি বিরাজ করছে। যদি রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানে এমন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড অব্যাহত থাকে, তবে দেশের অর্থনীতির অবশিষ্টাংশও ধ্বংস হওয়ার ঝুঁকিতে থাকবে।

তিনি আরও বলেন, এই বিশৃঙ্খলার বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সমাজের সকল স্তর থেকে প্রতিবাদ হওয়া উচিত। রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে দায়িত্বশীল ও দক্ষ ব্যক্তিদের বিরুদ্ধে উৎপাতের খবর নিয়মিত পাওয়া যাচ্ছে। শফিকুর রহমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে এসব অপতৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে এবং যোগ্যতার ভিত্তিতে দেশপ্রেমিক ও উপযুক্ত ব্যক্তিদের সরকারি গুরুত্বপূর্ণ পদে পদায়ন নিশ্চিত করতে হবে।