রাজনীতি

ধর্ষণ-হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি জামায়াত আমিরের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১১ পিএম

ধর্ষণ-হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি জামায়াত আমিরের
ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা ও নরসিংদীতে সাম্প্রতিক সময়ে সংঘটিত একাধিক শিশু ও কিশোরী ধর্ষণ ও হত্যাকাণ্ডে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন ডা. শফিকুর রহমান। এসব নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ঢাকায় ৬ বছর বয়সী এক শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন এবং হাজারীবাগে এক স্কুলছাত্রী হত্যার মতো ঘটনাগুলো পুরো জাতিকে স্তম্ভিত ও মর্মাহত করেছে। এসব ঘটনায় কোথাও কোথাও নগ্ন রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ক্ষেত্রবিশেষে প্রশাসনের চরম শৈথিল্য স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, অপরাধীদের বিচারের আওতায় আনার পরিবর্তে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ধর্ষকদের রক্ষা করার চেষ্টা চলছে। এমনকি ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়তে বাধ্য করা ও মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটছে। ক্ষমতার অপব্যবহার করে এ ধরনের দুঃসাহস দেখানো কোনোভাবেই সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রের সংস্কৃতি হতে পারে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শিশু তাহিয়া হত্যাকাণ্ডের পর কার বা কাদের ইশারায় ঘটনাটিকে ‘দুর্ঘটনা’ হিসেবে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে-তা জনগণের কাছে আজ আর অজানা নয়। কারা এই মামলাটি ধামাচাপা দিতে চায় এবং তাদের উদ্দেশ্য কী, সেটিও ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে বলে মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে জামায়াত আমির বলেন, ইনসাফ ও ন্যায়বিচারের প্রশ্নে কোনো ধরনের আপস চলবে না। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা এবং পুনর্বাসন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সবশেষে তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সব মজলুম মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে সবসময় পাশে থাকবে-ইনশাআল্লাহ।