রাজনীতি
ছায়া মন্ত্রিসভা প্রস্তুত, সময় হলেই প্রকাশ করবো: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, দলটির ‘ছায়া মন্ত্রিসভা’ ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং উপযুক্ত সময়ে তা প্রকাশ করা হবে।
বুধবার (১ জুলাই) জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, একটি দায়িত্বশীল সংসদ গড়ে তোলা প্রয়োজন, যেখানে জনগণের সমস্যা ও তার সমাধান নিয়ে কার্যকর আলোচনা হবে। তিনি বলেন, “আমরা একটি ছায়া মন্ত্রিসভা গঠন করেছি। এর সাংবিধানিক স্বীকৃতি না থাকলেও বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের ব্যবস্থা রয়েছে। সময় হলেই আমরা এটি প্রকাশ করব।”
তিনি আরও বলেন, বর্তমান সংসদকে গান-বাজনার জায়গা না করে দায়িত্বশীল প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। দেশের জন্য একটি স্থিতিশীল সংসদ অপরিহার্য এবং জামায়াতে ইসলামী সেই দায়িত্ব পালনে কাজ করছে বলেও দাবি করেন তিনি।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, সরকার গণভোট না মানায় জাতীয় জীবনে সংকট তৈরি হয়েছে। গণভোটের পক্ষে জামায়াতের পাশাপাশি বিএনপিও ছিল বলে উল্লেখ করেন তিনি। তবে নিয়ম মেনে জামায়াত সংস্কার পরিষদের শপথ নিলেও বিএনপি তা নেয়নি বলে মন্তব্য করেন।
তিনি বলেন, সংবিধানে অনেক কিছু না থাকলেও বাস্তবে তা হয়েছে। প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ বলেছে দাবি করে তিনি অভিযোগ করেন, বিএনপি সেই জনমতকে অগ্রাহ্য করেছে।
সংসদে বিরোধী দলের প্রতি বৈষম্যের অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, তাদের যথেষ্ট সময় দেওয়া হয়নি। তিনি বলেন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হলেও সংসদে বিরোধী দলই এখন বৈষম্যের শিকার।
এছাড়া তিনি জানান, সরকারি দল সংখ্যাগরিষ্ঠতার জোরে অনেক অধ্যাদেশ বাতিল করেছে। তবে জনগণ সংস্কারের ম্যান্ডেট দিয়েছে, শুধুমাত্র সংশোধনের নয়।
তিনি আশা প্রকাশ করেন, চলমান আলোচনা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। অন্যথায় দেশ আবারও সংকটে পড়তে পারে বলে সতর্ক করেন তিনি।