রাজনীতি

এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করল জামায়াত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৫:৫৮ পিএম

এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করল জামায়াত
ছবি: সংগৃহীত

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় অনুষ্ঠিত দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের আগে এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয় এবং সেই প্রতিবেদনের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত আসে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর মিন্ট রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডা. শফিকুর রহমান। সভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক তদন্ত চালানো হয়। এতে গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি বিষয়টি দ্রুত নির্বাচন কমিশনকে জানানো হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।