রাজনীতি
চাঁদাবাজি বন্ধ করা গেলে দ্রব্যমূল্য কমে যাবে: এটিএম আজাহার
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, দেশে চাঁদাবাজি বন্ধ করা গেলে দ্রব্যমূল্য কমে আসবে। ঈদের সময় সাধারণত পণ্যের দাম বাড়লেও এখন কেন নিয়মিতভাবে দাম বাড়ছে, সেই প্রশ্নও তোলেন তিনি।
মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে আগামী ১৯ মার্চ ঢাকা থেকে রংপুর লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়।
এটিএম আজহারুল ইসলাম বলেন, সার গুদামে মজুত থাকলেও কৃষক তা পাচ্ছেন না। অথচ পতিত সরকারের নেতাদের বাসায় সার পাওয়ার অভিযোগ রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো অতীতে বিভিন্ন বিষয় খুঁজে বের করতে পারলেও এখন কেন তা করতে পারছে না, সে প্রশ্নও তোলেন তিনি।
তিনি অভিযোগ করেন, বিএনপি গণভোটের শপথ না নিয়ে এবং গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। সংসদে জনগণের গণরায় বাস্তবায়নের দাবি জানিয়ে একাধিকবার তারা ওয়াকআউট করেছেন বলেও জানান তিনি। সরকারের কাছ থেকে দাবি বাস্তবায়নের উদ্যোগ না পাওয়ায় বাধ্য হয়ে রাজপথে নামার কথা বলেন জামায়াতের এই নেতা।
জামায়াতে ইসলামী গত ১৬ বছরে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে দাবি করে এটিএম আজহারুল ইসলাম বলেন, দলটির একাধিক শীর্ষ নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে এবং কারাগারে হত্যা করা হয়েছে। এমনকি পতনের দুদিন আগে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল। অথচ পরে সেই সরকারের নেতাদেরই দেশ ছেড়ে পালাতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে সংসদের বিরোধীদলীয় হুইপ ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরী আমির আবিদুর রহমান সোহেল, সিরাজগঞ্জ জেলা আমির মাওলানা শাহিনুর আলম, জেলা সেক্রেটারি জেনারেল মুহাম্মদ জাহিদুল ইসলাম, পাবনা জেলা নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসেনসহ বিভিন্ন দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।