রাজনীতি
গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, আ. লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল
জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যার দায়ভার শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়, বরং দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগের নিপীড়ন-নির্যাতন, হত্যা, গুম, খুন—এই সব অপকর্মের সবচেয়ে বড় শিকার বিএনপি। হাজার হাজার নেতাকর্মী আজ কারাবন্দি, নিখোঁজ কিংবা নিহত।”
তিনি আরও বলেন, “গণহত্যার বিচার নিয়ে দেশে চরম উদাসীনতা লক্ষ করা যাচ্ছে। হাজার মানুষের রক্ত নিয়ে ১১ মাস আগে জনরোষে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। কিন্তু এত দীর্ঘ সময় পার হয়ে গেলেও শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের বিচার হয়নি, যা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক।”
বিএনপির মহাসচিব বলেন, “নির্বাচন ও সংস্কার কখনোই সাংঘর্ষিক বিষয় নয়। দেশের মানুষ নির্বাচন চায়, গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়েই পরিবর্তন চায়। যারা জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলছেন, তারা বিষয়টি আরও গভীরভাবে বিবেচনা করুন। সময়মতো সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনই জনগণের প্রত্যাশা পূরণের একমাত্র পথ।”
এ সময় তিনি সব রাজনৈতিক দলকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বলেন, “এখন সময় দেশের ভবিষ্যৎ রক্ষার। তাই দলীয় সংকীর্ণতা ছেড়ে জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”