রাজনীতি

৫ কোটি টাকা চাঁদা দাবি ও বাস ভাঙচুরের অভিযোগে যাত্রাবাড়ীর যুবদল নেতা বহিষ্কার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৮:৫৬ এএম

৫ কোটি টাকা চাঁদা দাবি ও বাস ভাঙচুরের অভিযোগে যাত্রাবাড়ীর যুবদল নেতা বহিষ্কার
যাত্রাবাড়ীর যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিম। ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে যুবদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এককালীন ৫ কোটি টাকা অথবা প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধরের অভিযোগে যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিমের প্রাথমিক সদস্যপদ বাতিলসহ তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয় প্যাডে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

জানা গেছে, বহিষ্কৃত মুশফিকুর রহমান ফাহিম যুবদলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আওতাধীন যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহসভাপতি ছিলেন। দলের পক্ষ থেকে বলা হয়েছে, বহিষ্কৃত নেতাদের কোনো অপরাধ বা অনৈতিক কর্মকাণ্ডের দায় দল নেবে না এবং তাদের সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক না রাখতে সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া বিজ্ঞপ্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়, অভিযুক্ত ফাহিমের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।

এই ঘটনায় সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনের বাসে হামলা ও ভাঙচুরের বিষয়ে। অভিযোগে বলা হয়, চাঁদা না দেওয়ায় ফাহিম ও তার অনুসারীরা বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডে শরীয়তপুর সুপার সার্ভিসের কোনো বাস প্রবেশ করতে দেয়নি। বাস এলেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চালক ও শ্রমিকদের ওপর হামলা চালানো হয়। এতে দুই দিনে অন্তত ২৫টি বাস ভাঙচুর এবং বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

শনিবার দুপুরে শরীয়তপুর বাসস্ট্যান্ডে এক সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ উত্থাপন করেন জেলার সড়ক পরিবহন মালিক গ্রুপ ও আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা। তাদের ভাষ্যমতে, মুশফিকুর রহমান ফাহিম এককালীন ৫ কোটি টাকা বা প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং দাবি পূরণ না হলে বাস চলাচলে বাধা দেন।

সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পরই যুবদলের কেন্দ্রীয় দপ্তর থেকে ফাহিমকে বহিষ্কারের ঘোষণা আসে, যা অনেকেই মনে করছেন, জনমত ও চাপের প্রতিক্রিয়ায় দ্রুত নেওয়া সিদ্ধান্ত।