রাজনীতি
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলায় গভীর উদ্বেগ জানিয়ে মির্জা ফখরুলের বিবৃতি
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই হামলাকে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের ন্যাক্কারজনক তাণ্ডব হিসেবে আখ্যা দেন।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা এখন দেশে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নৈরাজ্যের মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটতে মরিয়া হয়ে উঠেছে।” তিনি আরও বলেন, “গোপালগঞ্জে এনসিপির কর্মসূচির ওপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনও ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের আহত করার ঘটনা তারই জঘন্য বহিঃপ্রকাশ।”
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির সুযোগ নিয়ে আওয়ামী দোসররা ইন্টেরিম সরকারের বিরুদ্ধে মরণকামড় দিতে উদ্যত হয়েছে। এই অরাজক পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে দেশে রাজনৈতিক বিভ্রান্তি ও বিশৃঙ্খলা ছড়ানোই তাদের উদ্দেশ্য।”
তিনি স্পষ্ট করে বলেন, “এ ধরনের ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখতে এসব সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন করা ছাড়া বিকল্প কোনো পথ নেই।” পাশাপাশি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দল-মত নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বিবৃতির শেষে মির্জা ফখরুল হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং এ ধরনের বর্বর ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।