রাজনীতি
মাইলস্টোন ট্রাজেডিতে আহতদের পাশে ছাত্রদল
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এসব সামগ্রী প্রদান করা হয়। বৃহস্পতিবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এ সামগ্রী হস্তান্তর করা হয়। চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, “জামায়াতের আমির মব সৃষ্টিতে ব্যস্ত, আর তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদল আহতদের পাশে দাঁড়িয়েছে। দুর্ঘটনার পরপরই ছাত্রদল তিনটি অ্যাম্বুলেন্স পাঠিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। হেল্প ডেস্কের মাধ্যমে অভূতপূর্ব কাজ করে যাচ্ছে ছাত্রদল। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে এসেছি।”
সঞ্চালনায় থাকা ছাত্রদলের সহ-সভাপতি ডা. আউয়াল বলেন, “মাইলস্টোন ট্রাজেডিতে আহতদের দয়া করে কেউ রোগী বলবেন না। তাঁরা আমাদের ভাই-বোন। আমরা তারেক রহমানের পক্ষ থেকে তাঁদের পাশে দাঁড়িয়েছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জহির রায়হান আহমেদ, প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ, জাহিদ হাসান শাকিল ও রাজু আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সিনিয়র যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন শাওন, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান শুভসহ অন্যান্য নেতৃবৃন্দ।