রাজনীতি
খালেদা জিয়া সুস্থ, তিনি নির্বাচন করবেন: বিএনপি নেতা মিন্টু
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে সুস্থ আছেন এবং তিনিই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন।
বুধবার (৩০ জুলাই) দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মিন্টু বলেন, “ফেনীর নির্বাচনী ইতিহাস সবার জানা। যদি সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাআল্লাহ বিএনপি এ আসনে জয়লাভ করবে। আমাদের নেত্রী খালেদা জিয়াও নির্বাচন করবেন। তিনি এখন সুস্থ রয়েছেন। ফেনীর নির্বাচন নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই।”
তিনি আরও বলেন, “লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলে আমরা একটি যৌথ বিবৃতি দিয়েছিলাম, যাতে বলা হয়েছিল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হতে পারে। তবে দেশের বর্তমান পরিস্থিতি বিচার করে জানুয়ারিতেও নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। কারণ, কেয়ারটেকার সরকার সংক্রান্ত একটি মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন।”
আবদুল আউয়াল মিন্টু বলেন, “যদি কেয়ারটেকার সরকার পুনর্বহাল হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারই কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করবেন। আর কেয়ারটেকার সরকারের অধীনে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।”
সরকারের জবাবদিহিতার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে, তাহলে তারা কখনও ভালো কাজ করবে না। আমরা বিগত ১৯ বছর আন্দোলন-সংগ্রাম, দমন-পীড়ন সহ্য করেছি। কেউ যদি বলে আমরা হঠাৎ করে নির্বাচন চাইছি, তা সঠিক নয়। বরং ২০০৬ সাল থেকেই আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়ে আসছি।”
তিনি আরও দাবি করেন, “২০০৮ সালের নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। এরপর থেকে দেশে কোনো নির্বাচিত সরকার নেই। দুই যুগ ধরে নির্বাচিত সরকার না থাকায় দেশের মানুষের জীবনমান উন্নয়নের সুযোগ ব্যাহত হচ্ছে। একটি দায়িত্বশীল সরকারই পারে জনগণের কল্যাণে কাজ করতে, যা নিশ্চিত হয় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই।”
বিএনপি নেতা মিন্টুর এই বক্তব্য নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে, বিশেষত খালেদা জিয়ার সক্রিয় রাজনীতিতে ফেরার ইঙ্গিতকে ঘিরে।