রাজনীতি
সেই তন্বীকে সম্মান জানিয়ে ডাকসুর গবেষণা ও প্রকাশনা পদে প্রার্থী দেয়নি ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কোনো প্রার্থী দেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর প্রতি সম্মান জানিয়ে ছাত্রদল এ সিদ্ধান্ত নেয়।
বুধবার (২০ আগস্ট) দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, “গত বছরের ১৫ জুলাই সানজিদা আহমেদ তন্বীর রক্তাক্ত মুখ পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছিল। তার এই ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কোনো প্রার্থী ঘোষণা করছি না।”
এর আগে সানজিদা আহমেদ তন্বী নিজেই ওই পদে প্রার্থিতা ঘোষণা করেছিলেন। পরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদও (বাগছাস) তার সম্মানে ওই পদে প্রার্থী না দেওয়ার ঘোষণা দেয়।
এদিন ঘোষিত ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদেরও প্রাধান্য দেওয়া হয়েছে। ভিপি পদে মনোনয়ন পেয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, জিএস পদে কবি জসীমউদ্দীন হলের আহ্বায়ক তানভীর বারী হামিম এবং এজিএস পদে বিজয় একাত্তর হলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ।
সম্পাদক পদে যারা মনোনয়ন পেয়েছেন: মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: এহসানুল ইসলাম, কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক: চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক সম্পাদক: মো. মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: আবু হায়াত মো. জুলফিকার জিসান, ক্রীড়া সম্পাদক: চিম চিম্যা চাকমা, ছাত্র পরিবহন সম্পাদক: মো. সাইফ উল্লাহ (সাইফ), সমাজসেবা সম্পাদক: সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক: মো. আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: আনোয়ার হোসাইন ও মানবাধিকার ও আইন সম্পাদক: মো. মেহেদী হাসান মুন্না।