রাজনীতি

মবের শিকার দাবি করে দেশবাসীর কাছে দোয়া চাইলেন ফজলুর রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০২:৫৭ পিএম

মবের শিকার দাবি করে দেশবাসীর কাছে দোয়া চাইলেন ফজলুর রহমান
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান । ছবি: সংগৃহীত

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। বাসায় তিনি মবের শিকার হয়েছেন বলে দাবি করেছেন।

সোমবার (২৫ আগস্ট) নিজের ফেসবুকে এক পোস্টে বাসায় মব শিকারের তথ্য জানান ফজলুর রহমান।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘মৃত্যু ছুঁয়েছি একাত্তর সনে, মব আর মৃত্যুভয় আমার নেই। দেশবাসী সবার কাছে দোয়া প্রার্থী, এই মুহূর্তে বাসায় মবের শিকার।’

সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় সংলগ্ন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা। তাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেখানে অবস্থান নিয়েছেন তারা। ফলে আন্দোলন ঘিরে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

এদিকে, সোমবার দুপুরে শোকজের বিষয়ে গণমাধ্যমকর্মীদের কাছে ফজলুর রহমান বলেন, আমি নোটিশটি রোববার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে পেয়েছি। একজন বার্তাবাহক বাসায় পৌঁছে দিয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, নোটিশের জবাব দেবো। 

তবে কবে, কখন তিনি এর জবাব দেবেন তা বলেননি। বিএনপির এই নেতা বলেন, এখনও হাতে আরও সময় আছে। দেখি কী করি। তবে নোটিশের জবাব দেওয়ার আগে এ বিষয়ে কোনো কথা বলবেন না বলে জানান তিনি।

২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান নিয়ে ক্রমাগত ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্যের অভিযোগে গতকাল রবিবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত চিঠিতে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।