রাজনীতি

নেতাকর্মীদের লোভ-লালসা থেকে দূরে থাকার আহ্বান তারেক রহমানের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১০:৫৭ পিএম

নেতাকর্মীদের লোভ-লালসা থেকে দূরে থাকার আহ্বান তারেক রহমানের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের প্রতি লোভ-লালসা এবং বিভাজনমূলক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি দলীয় শৃঙ্খলা ও ঐক্য রক্ষা করে জনগণের জন্য কাজ করার পরামর্শ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) লন্ডন সফর শেষে দেশে ফিরে তারেক রহমানের পক্ষ থেকে এই বার্তা নেতাকর্মীদের কাছে পৌঁছে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান দলীয় নেতাকর্মীরা।

এ সময় হেলালুজ্জামান লালু বলেন, “তারেক রহমান সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি চেয়েছেন, দলের প্রত্যেক নেতাকর্মী ধৈর্য ও সততার সঙ্গে ঐক্যবদ্ধ থেকে দায়িত্ব পালন করবেন। কোনোভাবেই যেন লোভ-লালসা আমাদের পথভ্রষ্ট না করে।”

তিনি আরও যোগ করেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলের ভেতর শৃঙ্খলা ও বিশ্বাস ধরে রেখে জনগণের জন্য কার্যক্রম আরও বেগবান করতে হবে।”

অন্যদিকে, একই দিন ১২ দিনের লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং তার ছেলে, দলের নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।