রাজনীতি
ক্ষমতায় এলে গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করা হবে: সালাহউদ্দিন আহমদ
বিএনপি ক্ষমতায় এলে দেশে গুমের সংস্কৃতি সম্পূর্ণভাবে বন্ধ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার বিকেলে বাংলা একাডেমিতে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আয়োজিত ‘মায়ের ডাক’ সংগঠনের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয়, ইনশাআল্লাহ প্রথমেই আমরা গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করব। এজন্য আইন প্রণয়নসহ কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। আমরা সেই বাংলাদেশ চাই, যেখানে আর কোনোদিন গুম হওয়া প্রিয়জনের ছবি হাতে নিয়ে স্বজনদের রাস্তায় দাঁড়াতে হবে না।”
তিনি অভিযোগ করে বলেন, ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় ১ হাজার ৮৫০ জন গুমের শিকার হয়েছেন, যার মধ্যে প্রায় ৩৫০ জন এখনো নিখোঁজ রয়েছেন। গুম-খুনের মতো মানবাধিকার লঙ্ঘন ঘটিয়ে আওয়ামী লীগ সরকার আজীবন ক্ষমতায় থাকার পথ তৈরি করেছে বলেও তিনি দাবি করেন।
নির্বাচনী রোডম্যাপ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমানে কিছু মহল রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। তারা কমিশনের রোডম্যাপ নিয়েও ষড়যন্ত্রে লিপ্ত। অনেকে বলছেন, এই রোডম্যাপ দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হলে দেশে জবাবদিহির সংস্কৃতি গড়ে উঠবে। এজন্য জনগণের স্বার্থে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ।