রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব হবে: দুদু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম

বিএনপি ক্ষমতায় এলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব হবে: দুদু
বক্তব্য রাখছেন শামসুজ্জামান দুদু। ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে আওয়ামী লীগ এবং তাদের ঘনিষ্ঠজনরা ক্ষতিগ্রস্ত হবে। কারণ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা পাবে এবং শেখ হাসিনার বিচার ত্বরান্বিত হবে। একইসঙ্গে বিদেশে পাচার করা টাকা ফিরিয়ে আনা সম্ভব হবে। এসব ভূমিকা কেবলমাত্র নির্বাচিত সরকারই পালন করতে পারে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, "হাসিনাতন্ত্রের পতন হয়েছে এক বছরের বেশি সময় আগে, তবে এখনো গণতন্ত্রের পূর্ণ উত্তরণ ঘটেনি। গত দেড় দশকে শেখ হাসিনার অধীনস্থ নির্বাচন কমিশন তিনটি নির্বাচন পরিচালনা করেছে, যেগুলো প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার বদলে তা ধ্বংস করেছে।"

তিনি দাবি করেন, জনগণ তাদের মতপ্রকাশের অধিকার ফিরে পেতে চায়। কিন্তু সরকার এখনো সেই সুযোগ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। "স্বৈরাচার পতনের পর মানুষ যে স্বাধীনতার স্বাদ পেয়েছিল, এখন সেটিও প্রশ্নবিদ্ধ। জনগণ চায় তাদের ভোটাধিকার ফিরে পেতে," বলেন তিনি।

বিরোধী দলগুলোর কর্মসূচি নিয়ে তিনি বলেন, "যেসব রাজনৈতিক দল কখনো সংসদে জায়গা পায়নি, তারাও এখন সরকারকে দিকনির্দেশনা দিতে চায়। এটা যেমন অযৌক্তিক, তেমনি হাস্যকরও।"

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, "সরকারের উচিত অবিলম্বে একটি গ্রহণযোগ্য রোডম্যাপ ঘোষণা করে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করা। সেই নির্বাচনে বিএনপি এবং ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে এটা সময়ই বলে দেবে।"

সমাবেশে সভাপতিত্ব করেন জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন কৃষক দলের সাবেক দফতর সম্পাদক এস কে সাদি, ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।