রাজনীতি
‘জুলাই সনদকে’ ইতিবাচকভাবে দেখছে বিএনপি: রিজভী
আসন্ন ‘জুলাই সনদ’ নিয়ে আশাবাদী বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে এই সনদ নিয়ে একটি যৌক্তিক সমঝোতায় পৌঁছানো সম্ভব। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, "আমরা এই সনদকে ইতিবাচকভাবে দেখছি। যদি গণতন্ত্রে বিশ্বাস থাকে, তবে আলোচনার মাধ্যমেই একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব।"
শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে নবগঠিত অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো ও ফাতেহা পাঠের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। সেই প্রসঙ্গে রিজভী বলেন, “দীর্ঘ ১৭ বছর পর তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলেছেন। তার বক্তব্যে কোনো দলীয় পক্ষপাত দেখা যায়নি। বরং তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। রাজনৈতিক প্রতিপক্ষকে ধ্বংস নয়, আইনসঙ্গত বিচার চেয়েছেন তিনি।”
রিজভীর দাবি, তারেক রহমানের বক্তব্য দেশের সুশীল সমাজ, পেশাজীবী মহল ও সাধারণ মানুষের মধ্যে ‘গভীর সাড়া’ ফেলেছে।
কৃষিনির্ভর বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষকের অধিকার নিয়েও কথা বলেন রিজভী। তিনি বলেন, “তারেক রহমানের ৩১ দফার মধ্যে কৃষির উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। আজ কৃষকেরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। এই অবস্থায় অ্যাব-এর মতো সংগঠনকে এগিয়ে আসতে হবে।”
তিনি জানান, নবগঠিত অ্যাব একটি নীতিমালা তৈরি করবে, যেখানে কৃষকের স্বার্থ অগ্রাধিকার পাবে। সেই প্রেরণা এসেছে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা থেকেই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাবের আহ্বায়ক কৃষিবিদ কামরুজ্জামান এবং সদস্য সচিব কৃষিবিদ শাহাদাৎ হোসেন বিপ্লব।