রাজনীতি
নির্বাচন বানচাল করতে একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে: মির্জা ফখরুল
জাতীয় নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সাংবিধানিক বা বাস্তব সুযোগ নেই। মুক্তিযুদ্ধবিরোধী শক্তিগুলো জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে—এদের প্রতি আহ্বান জানাই, তারা যেন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান না নেয়।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ–আ স ম রব) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, “বর্তমান রাজনৈতিক সংকটের মূল কারণ সরকার নিজেই। তারা যে কমিশন ও কমিটি গঠন করেছে, সেখানে গত আট-নয় মাস ধরে নানা সংস্কার ও ঐকমত্যের বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কমিশনের সঙ্গে আমাদের ঐকমত্য হয়নি। সরকার জনগণের মতামতকে উপেক্ষা করে নিজেদের ইচ্ছেমতো সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা নির্বাচনে অংশ নেব। আমাদের নির্বাচনি ইশতেহারে এসব সংস্কারমূলক প্রস্তাব অন্তর্ভুক্ত থাকবে। জনগণ যদি আমাদের ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয়, তবে আমরা সেই অসমাপ্ত সংস্কারগুলো বাস্তবায়নের উদ্যোগ নেব। সংসদে আইন পাস করিয়ে দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন আনব।”
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, জুলাই সনদে যা বলা হয়েছিল, বাস্তবায়ন প্রক্রিয়ায় তার প্রতিফলন ঘটেনি। স্বাক্ষরিত সনদ ও কার্যকর পদক্ষেপের মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। তিনি বলেন, “জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে—‘নোট অব ডিসেন্ট’ না রেখেই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক অচলাবস্থার জন্য সম্পূর্ণ দায়ী অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের গঠিত ঐকমত্য কমিশন।”
সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। তারা সবাই দেশের চলমান সংকট নিরসনে রাজনৈতিক সংলাপ ও গণতান্ত্রিক পথের প্রতি ফিরে আসার আহ্বান জানান।