রাজনীতি

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ এএম

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া
রেজা কিবরিয়া। ছবি: সংগৃহীত

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হতে চান।

বুধবার (৫ নভেম্বর) রাতে গণমাধ্যমকে রেজা কিবরিয়া নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “আমি ইতোমধ্যে বিএনপিতে যোগ দিয়েছি এবং প্রাথমিক সদস্য ফরমও পূরণ করেছি। কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে যোগদানের ঘোষণা দেওয়া হবে। আমার নিজের এলাকায় ধানের শীষ প্রতীকে নির্বাচন করবো। ২০১৮ সালের নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবেও ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম।”

তবে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন নেতা জানিয়েছেন, তারা এখনো রেজা কিবরিয়ার আনুষ্ঠানিক যোগদানের বিষয়ে অবগত নন।

ড. রেজা কিবরিয়া ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণফোরামে যোগ দেন এবং কিছুদিন পরই দলের সাধারণ সম্পাদক হন। সেই নির্বাচনে তিনি ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

পরে তিনি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদে যোগ দেন এবং দলের আহ্বায়ক হন। তবে কিছু সময় পর ব্যক্তিগত কারণ দেখিয়ে রাজনীতি থেকে কিছুটা বিরতি নেন। গণঅধিকার পরিষদ বিভক্ত হওয়ার পর তিনি নতুন রাজনৈতিক সংগঠন আমজনতার দল গঠন করেন এবং এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক হন।

সাম্প্রতিক বছরগুলোতে সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকলেও, এবারের জাতীয় নির্বাচনের আগে আবারও বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে রেজা কিবরিয়া নতুন করে রাজনৈতিক মঞ্চে ফিরলেন।