রাজনীতি

সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে প্রস্তুত বিএনপি: মির্জা ফখরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ পিএম

সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে প্রস্তুত বিএনপি: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আসতে পারলে বিএনপি একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ অর্থনীতির বাংলাদেশ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে মির্জা ফখরুল বলেন, “চেয়ারপারসন অত্যন্ত অসুস্থ। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন এবং দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরাই তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাবেন। আমরা সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি।”

রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “বিগত স্বৈরাচারের আমলে নানা বাধা-বিপত্তি অতিক্রম করে আমরা নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি। অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত সংস্কার কমিশন দেশের রাজনৈতিক দলগুলোর আলোচনায় নতুন পথ খুলে দেয়। রেজা কিবরিয়ার মতো মেধাবী ও অভিজ্ঞ ব্যক্তির যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং তিনি শুধু তার নির্বাচনী এলাকায় নয়, সারা দেশেই ইতিবাচক ভূমিকা রাখবেন।”

নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সময়সূচি ঘোষণার যে উদ্যোগ নিয়েছে, তা নিয়ে বিএনপি আশাবাদী। তিনি বলেন, “জনগণ তাদের মতামত ও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলে যে নির্বাচন হবে, সেটির মাধ্যমেই তারা তাদের প্রতিনিধিকে বেছে নেবে।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে জনগণ আমাদের সমর্থন দিলে বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা এবং সমৃদ্ধ অর্থনীতির বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে। আমরা সরকার পরিচালনার অভিজ্ঞতা রাখি এবং সুযোগ পেলে নতুন বাংলাদেশ নির্মাণে কার্যকরভাবে ভূমিকা রাখতে পারবো।”