রাজনীতি

খালেদা জিয়াকে নিতে শনিবার জার্মানি থেকে ঢাকায় আসছে এয়ার অ্যাম্বুলেন্স


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৩ পিএম

খালেদা জিয়াকে নিতে শনিবার জার্মানি থেকে ঢাকায় আসছে এয়ার অ্যাম্বুলেন্স
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিতে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় পৌঁছাবে। শুক্রবার (৫ ডিসেম্বর) কাতার সরকারের উদ্যোগে পরিচালিত এ ব্যবস্থা সম্পর্কে নিশ্চিত করেছে ঢাকাস্থ কাতার দূতাবাস।

দূতাবাস জানায়, শনিবার বিকেল ৫টার দিকে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। যদিও বিমানটি জার্মান প্রতিষ্ঠানের, তবে চার্টার, ভাড়া এবং অন্যান্য সব লগিস্টিক ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে কাতার সরকার। বিমানটির অবতরণ বিষয়ে প্রয়োজনীয় সব অনুমতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি সমস্যার কারণে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় আসতে পারেনি। তবে শনিবার বিকালেই এটি পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে খালেদা জিয়ার সঙ্গী হয়ে বিদেশ যাওয়ার প্রস্তুতিতে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তিনি শুক্রবার সকালে ঢাকায় পৌঁছে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা পর্যবেক্ষণ করেন।

বিএনপি জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করে আগামী রোববার (৭ ডিসেম্বর) তার বিদেশ যাত্রা নিশ্চিত করা হবে।