রাজনীতি

স্বৈরাচারী হাসিনা কখনো স্বাধীনতায় বিশ্বাস করেননি: সালাহউদ্দিন আহমেদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম

স্বৈরাচারী হাসিনা কখনো স্বাধীনতায় বিশ্বাস করেননি: সালাহউদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা কখনোই বাংলাদেশের স্বাধীনতা ও অস্তিত্বে বিশ্বাস করেননি। বাকশালের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন তিনি। জনগণের গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পরও প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষায় কাজ করেছেন। শেষ পর্যন্ত তার ‘নির্ধারিত ঠিকানাও হয়েছে দিল্লি’।

শনিবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ইসলামনগর এলাকায় মহিলা সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক পরিবর্তনের সূচনাকারী নির্বাচন। এই নির্বাচন শুধু সরকার গঠনের নির্বাচন হবে না, বরং সারাবিশ্বে স্বীকৃত ও প্রশংসিত একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ এবার নিজেরাই ভোটের পাহারা দেবে- ‘আর কাউকে প্রয়োজন হবে না’ বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, গত ১৬ বছর দেশে গণতন্ত্র ছিল না, এবার তা ফিরে এসেছে। জনগণ এখন আরও সচেতন এবং নিজেদের অধিকারের বিষয়ে সজাগ।

সালাহউদ্দিনের দাবি, দেশের মানুষ এখন ন্যায়বিচার, শান্তি এবং পরিবর্তন চায়। বিএনপি ক্ষমতায় গেলে দেশের অর্থনীতি, প্রশাসন ও বিচার ব্যবস্থায় যে বিপর্যয় সৃষ্টি হয়েছে, তা পুনর্গঠন করা হবে। বিএনপির আসন্ন ইশতেহার হবে বাস্তবসম্মত, জনমুখী এবং পরিবর্তনের অঙ্গীকারময়।

সমাবেশে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমেদের স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলীয় নেতাদের দাবি— সমাবেশে কয়েক হাজার নারীসহ স্থানীয় গ্রামবাসীর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

উল্লেখ্য, কক্সবাজার-১ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ দীর্ঘদিন পর এলাকায় ফিরে ২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। এরপর প্রতিদিনই তিনি বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করছেন।

শনিবার সারাদিন চকরিয়ার বিভিন্ন এলাকায় প্রচারণা শেষে তিনি রবিবার (৭ ডিসেম্বর) সকালে ঢাকায় ফেরার কথা রয়েছে।