রাজনীতি

রুমিন ফারহানাসহ ৯ নেতাকে বহিষ্কার করলো বিএনপি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম

রুমিন ফারহানাসহ ৯ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় দলের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন- জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন ও আব্দুল খালেক। এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত এসব নেতার বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ বাতিল করা হয়েছে।